ছবি সংগৃহীত
আলো ডেস্ক
নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
নিহতরা হলেন- লিটন চন্দ্র দেবনাথ (৪৬) ও তার ছেলে প্রান্ত দেবনাথ (১০)। লিটন উপজেলার জয়াগ ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার জয়াগ বাজার থেকে পল্লী চিকিৎসক লিটন চন্দ্র দাস তার দুই ছেলে প্রতাপ দেবনাথ ও প্রান্ত দেবনাথকে নিয়ে সকাল ১০টার দিকে নিজের বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা দেন। পথেমধ্যে মোটরসাইকেলটি উপজেলার জয়াগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোটকেগনা জুনুদপুর পোলের গোড়া এলাকায় পৌঁছলে নোয়াখালীগামী বেপরোয়া গতির জননী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পল্লী চিকিৎসক লিটন ও তার দুই ছেলে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটন ও তার ছোট ছেলেকে মৃত ঘোষণা করেন। বড় ছেলে প্রতাপও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসের চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
