ছবি সংগৃহীত
আলো ডেস্ক
রাজধানীর বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াত। নির্বাচন বর্জন, ভোটারদের ভোটদান থেকে বিরত, বিরোধীদল বিহীন নির্বাচন প্রত্যাখান এবং দেশের হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আজ মঙ্গলবার এ কর্মসূচি পালন করে দলটি।
এসময় জামায়াতে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারি সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক বলেছেন, সরকার দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ নির্বাসনে পাঠিয়ে দেশকে ফ্যাসীবাদী ও মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে। তারা নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য জনগণের রক্তের ওপর দিয়ে ভাঙা কিস্তি ভাসাতে চায়। কিন্তু জনগণ বাকশালী ঘুঘুদের বারবার ধান খাওয়ার সুযোগ দেবে না বরং যেকোন মূল্যে সরকারের স্বপ্নের বাস্তিল দুর্গের পতন ঘটিয়েই ছাড়বে-ইনশাআল্লাহ।
তিনি ফ্যাসীবাদী ও বিনাভোটের সরকারের পতনের লক্ষ্যে রাজপথে যেকোন ত্যাগ স্বীকারে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
দক্ষিণখানের পশ্চিম থানার বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিলি করা হয়। এছাড়াও হাতিরঝিল, শেওড়াপাড়া-তালতলায়, মিরপুর-১৪ নাম্বারে লিফলেট বিতরণ করা হয়।
