ছবি সংগৃহীত
আলো ডেস্ক
জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী বলেছেন, আগামী ৭ তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা শুধু শিবচরে আমাকে আপনাদের প্রার্থী হিসেবে জয়যুক্ত করার নির্বাচন নয়। এ নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন।
সোমবার(২৫ ডিসেম্বর) মাদারীপুর-১ আসনের শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের ভেন্নাতলা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, এ নির্বাচন যারা এদেশে সন্ত্রাস করেছে, বোমা মারছে, বাসে আগুন দিচ্ছে, রেলে আগুন দিচ্ছে সেই সকল আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে এই নির্বাচন। এ নির্বাচনে বিভিন্ন দেশ, যারা এ দেশের স্বাধীনতার সময় বিরোধিতা করেছে, বঙ্গবন্ধু হত্যার সময় সহযোগিতা করেছে, যারা এদেশের উন্নয়ন এখনো মেনে নিতে পারে না, যারা এদেশের খাদ্যে দুর্ভিক্ষ তৈরি করার চেষ্টা করে এ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এই নির্বাচন।
চিফ হুইপ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন পদ্মা সেতু করেন তখনও যেমন দেশি-বিদেশি ষড়যন্ত্র করে আমাদের স্বপ্নের সেতু, অর্থনৈতিক মুক্তির সেতু পদ্মা সেতু না করতে পারে সেই ষড়যন্ত্র যারা করেছিল, আজকেও তারা এই নির্বাচন যেন করতে না পারে, সঠিক সময়ে যেন নির্বাচন না হয় সেই একই ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই সকল ষড়যন্ত্রের মোকাবিলা করার নির্বাচনই আগামী ৭ জানুয়ারির নির্বাচন।
এদিন চিফ হুইপ উপজেলার উত্তর বহেরাতলা ও দত্তপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ পথসভা ও জনসভায় অংশ নিয়ে ভোটারদের প্রতি ভোট প্রার্থনা করেন।
এসময় আরো বক্তব্য রাখেন শিবচর উপজেলা চেয়ারম্যান লতিফ মোল্লা , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারসহ স্থানীয় উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
