ছবি সংগৃহীত
আলো ডেস্ক
হামলা করে নির্বাচনী প্রচারণা বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
সোমবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নির্বাচনী এলাকা নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, হিরো আলম ভয় পায় না ভোটাররা তা জানেন। নির্বাচন ও জনগণের সেবা করতে গেলে বুকে সাহস লাগে। আমি সাহস নিয়েই নির্বাচনী মাঠে এগিয়ে চলছি। এসময় ভোটারদের ভোটকেন্দ্রে এসে ডাব প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান হিরো আলম।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (একতারা প্রতীক) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এরমধ্যে বগুড়া-৪ আসনে ১৪দলীয় জোটের শরিক জাসদের একেএম রেজাউল করিমের কাছে ৮৩৪ ভোটে হেরে যান। এরপর ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আবার স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনায় আসেন হিরো আলম। দ্বাদশ সংসদ নির্বাচনেও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ কনটেন্ট ক্রিয়েটর।
