ছবি সংগৃহীত
আলো ডেস্ক
ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগে সংঘর্ষের ঘটনায় মো. সাজ্জাদ নামের এক ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।তিনি মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
রবিবার (২৪ ডিসেম্বর) রাতে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান রাসেল ও সাধারণ সম্পাদক আইমান ওয়াসেফ অমিকের যৌথ স্বাক্ষরে সাজ্জাদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মোহাম্মদপুর থানা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠন বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. সাজ্জাদকে (সহ-সভাপতি) মোহাম্মদপুর থানা ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।’
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আইমান ওয়াসেফ অমিক ঢাকা মেইলকে বলেন, ‘সাজ্জাদ সংগঠনের শৃঙ্খলাবিরোধী বেশ কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আসে। আমরা সেগুলো তদন্ত করে সত্যতা পাই। ফলে তাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। কোনো ব্যক্তির অপকর্মের দায় সংগঠনের না।’
গতকাল রবিবার মোহাম্মদপুর টাউন হল এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন জাহাঙ্গীর কবির নানক। এ সময় ধারালো অস্ত্র দিয়ে ছাত্রলীগের আরেক অংশের ওপর হামলা করেন সাজ্জাদের অনুসারীরা। পরে দুই পক্ষ সংঘর্ষ হলে চারজন আহত হন।
জানা গেছে, সাজ্জাদ মোহাম্মদপুর কাটাসুর এলাকার কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক। তার নেতৃত্বে ওই এলাকায় ছিনতাই, হামলা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড হয়। সম্প্রতি একটি গণছিনতাইয়ের ঘটনায়ও নাম আসে এই ছাত্রলীগ নেতার।
