ছবি: সংগৃহীত
আলো ডেস্ক
ব্যস্ত শহরের নিত্য জীবনে হঠাৎই মাইকে ভেসে আসল কারো গগণবিদারী কান্নার আওয়াজ। কারণ খুঁজতে গিয়ে দেখা গেল গত মঙ্গলবার ট্রেনে অবরোধকারীদের দেয়া আগুনে স্ত্রী সন্তান হারানো মিজানুর রহমান নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন বারবার। মঞ্চের সামনে তার মতোই বিভিন্ন নাশকতার ঘটনায় বিচারের দাবি নিয়ে দাঁড়িয়ে আছেন শতশত মানুষ। ওই যুবক আর্তনাদ করে বলছেন, আমি জাতির কাছে বিচার দিতে এসেছি। যারা আমার স্ত্রী-সন্তানকে আগুনে পুড়িয়ে মেরেছে, তাদের যেন দৃষ্টান্তমূলক বিচার হয়। আমি স্ত্রী-সন্তান হারিয়েছি। আমাকে লাশ বহন করে নিয়ে যেতে হয়েছে। যারা আগুনে মানুষ পোড়াচ্ছে, তাদের বিচার চাই। কথাগুলো বলছেন বটে, কিন্তু কান্নার দমকে অর্ধেক শব্দ নাই হয়ে যাচ্ছিল। মঞ্চে বা মঞ্চের সামনে যারা ছিলেন, তারাও নিজেদের চোখ মুছছেন মিজানের কথা শুনে।
শনিবার (২৩ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আমরাই বাংলাদেশ’ আয়োজিত প্রতিবাদী পদযাত্রায় তিনি বলেন, আপনারা এদের বিচার করবেন। আমি একজন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ। স্ত্রী সন্তানকে নিয়ে সুন্দরমতো জীবন যাপন করছিলাম। অগ্নিসন্ত্রাস আমার জীবনকে এলোমেলো করে দিয়েছে। আমার স্ত্রী সন্তানের কী দোষ ছিলো? গত কয়েকদিন ধরেই গণমাধ্যমে নানাভাবে মিজানুর রহমান বিচারের দাবি জানিয়েছেন। তিনি আজ অগ্নিসন্ত্রাসের শিকার আরও অনেকের সঙ্গে নিজের কষ্ট ভাগাভাগি করতে এসেছিলেন।
কান্নারত মিজানুর রহমান বলেন, নিজের সন্তান হারালে কী কষ্ট হয় সেই হুশটুকু নিজের ভেতরে তৈয়ার করুন। তাহলে বুঝতে পারবেন সন্তান পুড়ালে কী কষ্ট হয়। যার হারায় সে বুঝতে পারে। চোখের সামনে আমার স্ত্রী সন্তান পুড়ে গেছে, আমার যে কী অবস্থা আমি বুঝতেসি। আমি মানসিকভাবে বিপর্যস্ত। সবার কাছে দোয়া চাই আমার স্ত্রী সন্তানদের জন্য।
তিনি বলেন, যে সন্তানকে সুন্দর করে বাড়ি পাঠিয়েছিলাম। তাকে আর কোলে নিতে পারি নাই। লাশ কোলে নিয়ে বাড়িতে যেতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার দাবি করি। আমার জীবনকে এলোমেলো করে দিয়েছে। তার জন্য যারা দায়ী, তাদের বিচার করবেন। আমার স্ত্রী-সন্তানের কী দোষ ছিল? প্রধানমন্ত্রীর কাছে এই দাবি, এই অপরাধীদের যেন বিচার হয়। আর কোনও দাবি নেই।
পদযাত্রায় অংশ নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল। পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তাদের একজন রেদওয়ানুল হক বলেন, এই কষ্ট আমার বাবারও হতে পারে যে কোনোদিন। এই বিচার যেন মিজানুর রহমানকে একা চাইতে না হয়, সেজন্য আমরা সবাই এখানে জড়ো হয়েছি। সবাই প্রতিবাদী হয়ে উঠলে এই বিএনপি-জামায়াত সন্ত্রাসী সংগঠনগুলো সাহস করবে না সাধারণ জনগণকে আঘাত করার।’
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা অবরোধের দিন দুর্বৃত্তদের দেওয়া আগুনে মারা গেছেন নাদিরা আক্তার পপি (৩৫) ও তার শিশু সন্তান ইয়াসিন। মায়ের কোলেই ছিল ৩ বছর বয়সী শিশুটি। বগিতে আগুন লাগলে সন্তানকে বুকে আগলে রেখেছিলেন মা নাদিরা আক্তার, মরদেহ উদ্ধারের সময়ও শিশুটি তার কোলেই ছিল।
