ছবি- সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
কয়েকদিনের প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর চার জেলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ তথ্য জানিয়েছে।
এনডিটিভি এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারি বৃষ্টির কারণে প্রদেশটির বেশ কয়েকটি জেলার জনজীবন স্থবির হয়ে পড়েছে। লোকালয়, রাস্তাঘাট, রেল লাইন ডুবে গেছে। ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে ঘূর্ণিঝড় মিগযাউম আঘাত হানার কয়েকদিন পর থেকে ওই অঞ্চলে বন্যা দেখা দেয়।
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় সীতারামন সাংবাদিকদের বলেন, মৃত্যুর সংখ্যা পরিবর্তিত হতে পারে। তিনি জানান, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এখনও যারা বিচ্ছিন্ন অবস্থায় আটকা পড়ে আছেন, তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।
তামিলনাডু ভারতের অন্যতম প্রধান পণ্য ও ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন কেন্দ্র। শুক্রবারও রাজ্যটির বহু এলাকা পানিতে তলিয়ে ছিল। চলতি সপ্তাহে তামিলনাডুতে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বছরের এ সময় রাজ্যটিতে গড়ে ২০ মিলিমিটার বৃষ্টি হয়। এবার এরইমধ্যে তার তিনগুণ বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। আগামী পাঁচ দিন রাজ্যটির বিভিন্ন অংশে আরো বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে তারা। আট বছর আগে তামিলনাডুর রাজধানী চেন্নাইয়ে প্রবল বৃষ্টির পর নজিরবিহীন বন্যায় ২৯০ জনের মৃত্যু হয়েছিল।
