ফাইল ছবি
আলো ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, চলমান একদফা আন্দোলনের অংশ হরতাল-অবরোধের পাশাপাশি এবার সরকারের ‘একতরফা ভোট প্রত্যাখ্যানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি’ নিয়ে আসছে বিএনপি।
তিনি বলেন, বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
রুহুল কবির রিজভী বলেন, গোটাজাতি এক ভয়ংকর অন্ধকার জঙ্গলে বাস করছে। যেখানে চারিদিকে ঘিরে আছে ভয় ও আতঙ্কের ব্যারিকেড। এ ভয় ও আতঙ্ক তৈরি করাই হয়েছে একদলীয় নির্বাচনকে সুসম্পন্ন করা, ভোটারবিহীন নির্বাচনকে নিশ্চিত করা। এ ব্যাপারে শেখ হাসিনা একেবারেই বেপরোয়া।
রিজভী বলেন, উনি (শেখ হাসিনা) ভাবছেন রাশিয়া আছে, ভারত আছে … আমার আবার ভয় কিসের? রাশিয়া ও ভারত আমাকে সমর্থন দিলে আমার কিসের ভোট সেন্টার লাগবে, কিসের ভোটার লাগবে, কিসের স্বচ্ছ নির্বাচন লাগবে?
তিনি বলেন, তাদের (রাশিয়া ও ভারত) কর্তা ব্যক্তিরা মাঝে-মধ্যে স্টেটমেন্ট দিচ্ছেন। তা তারা দেবেনই। বাংলাদেশে গণতন্ত্র থাকুক বা না থাকুক… এতে তো ভারতের কোনো কিছু যায় আসে না, আর রাশিয়ার তো মোটেও যায় আসে না। নিজের দেশে গণতন্ত্রের বিশাল ঘাটতি একনায়তন্ত্রের শাসন। তাদের সমর্থনে শেখ হাসিনার আজকে পোয়া-বারো।
রিজভী দাবি করেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার এবং আটটি মামলায় ৭৯৫ জনের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
জানা গেছে, ‘একতরফা ভোট প্রত্যাখ্যানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি’র লক্ষ্যে দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে প্রচারপত্র তৈরি করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জাতীয় সংসদের ভোটের দিন ৭ জানুয়ারি পর্যন্ত হরতাল-অবরোধেই থাকবে বিএনপি। এর ফাঁকে ফাঁকে সারা দেশে ভোটবিরোধী এই প্রচারপত্র বিলি করা হবে।
