ছবি: সংগৃহীত
আলো ডেস্ক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে স্টেশন এলাকায় দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, স্টেশন এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবদুর রশীদ সমর্থক মিঠুর সাথে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল সমর্থক লুৎফর রহমানের সাথে দলীয় প্রতিক নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের ৪জন আহত হয়। আহতরা হলেন, মিঠু, লুৎফর রহমান, ফারুক হোসেন ও সাবেক কমিশনার বেলাল হোসেন।
এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদ (ট্রাক প্রতীক) জানান নৌকা সমর্থকরা আমার কর্মী মিঠুকে অতর্কিতভাবে হামলা করে গুরুতর আহত করেন। এছাড়াও ফারুক হোসেনকে মারপিট করেছে। এ ঘটনায় মিঠু সরিষাবাড়ী হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
অপর দিকে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল(নৌকা প্রতীক) জানান স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদের লোকজন পরিকল্পিত ভাবে কমিশনার বেলালের উপর আক্রমন চালালে উভয় পক্ষের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করে। এসময় কমিশনার বেলাল ও লুৎফর আহত হয়। পরে সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, সকালে সরিষাবাড়ী প্রেসক্লাবের সামনে নৌকা সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশীদ সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পরিস্থিতি থমথম অবস্থা বিরাজ করছে।
