স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় আসামিদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ ২২ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মো: আল আমিন (২৬) ও মো: আমিনুল ইসলাম মিন্টু (৫৯)।
আল আমিন রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার উত্তরপাড়া নওদাপাড়া এলাকার মো: আলমগীর হোসেনের ছেলে ও আমিনুল ইসলাম চন্দ্রিমা থানার ছোনবন গ্রাম পশ্চিম বাগান পাড়ার মৃত আবুল প্রামাণিকের ছেলে।
আরএমপি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিৎ করেছেন। তিনি জানান, রোববার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭ টায় ডিবির একটি টিম রাজশাহী মহানগর এলাকায় ডিউটি করছিল, এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এক ব্যক্তি মোটরসাইকেল যোগে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে রাজপাড়া থানার কেশবপুর নদীর ধার থেকে নওদাপাড়া আমচত্বর যাবে।
উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ঐ টিম সকাল ৭ টায় রাজপাড়া থানার ঘোষপাড়ায় চেক পোষ্ট স্থাপন করেন। সকাল সোয়া ৭ টায় সন্দেহজনক মোটরসাইকেলটি অতিক্রম করার সময় চালককে দাঁড়ানোর সংকেত দেয়। সংকেত পেয়ে পালানোর সময় আসামি মো: আল আমিনকে ১৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।
অপর একটি অভিযানে সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার ছোটবন গ্রাম পশ্চিম বাগান পাড়ায় অভিযান চালিয়ে আসামি মো: আমিনুল ইসলাম মিন্টুকে ২৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত মিন্টুর কাছ থেকে মাদক বিক্রির নগদ ২২ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া ও চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
