আলো ডেস্ক
রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে প্রতিটি দোকানেই থরে থরে সাজানো রয়েছে নানান রকমের শীতের সবজি। সরবরাহ বাড়ায় দামও নাগালের মধ্যে রয়েছে। বেশিরভাগ সবজি ৫০ টাকা বা তার কাছাকাছি দরে বিক্রি হচ্ছে।
তবে আবারও আলুর দাম নিয়ে অস্বস্তি। বিশেষ করে নতুন আলুর দাম বাড়তি। দুদিন আগেও যে আলু ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছিল তা এখন বেড়ে (আকারভেদে) ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর মগবাজার বনলতা মার্কেট, মালিবাগ বাজার, মালিবাগ রেলগেট, শান্তিনগর ও সেগুনবাগিচা বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
বাজারগুলোতে শালগম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। গ্রীষ্মের সবজি ঝিঙা, চিচিঙা, পটল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। বাজারে পুরোনো আলু ৫০ টাকায় পাওয়া গেলেও নতুন আলুর দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। এখন এসব বাজারে আকারভেদে নতুন আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে।
গত কয়েকদিন কিছুটা বাড়তে শুরু করেছে মুরগির দাম। গত দুদিনে কেজিতে ১৫-২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। একই সঙ্গে বেড়েছে ডিমের দামও। কেজিতে ১৫ থেকে ২০ টাকা দাম বেড়ে এখন ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা দরে। ডজনপ্রতি ৫ থেকে ১০ টাকা বেড়ে লাল ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা দরে। আর ডজনে ২০ টাকা বেড়ে হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২২০ টাকা। আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস।
শান্তিনগর বাজারে আসা একজন ক্রেতা জাগো নিউজকে বলেন, শীতের সবজি বাজারে আসা মানেই ৩০ টাকার মধ্যেই সবকিছু বেচা-বিক্রি হওয়া। এর ওপর দর নেওয়া মানেই কোনো এক সিন্ডিকেটের কবলে পড়েছে এটাই ধরতে হবে।
সূত্র-জাগোনিউজ
