আলো ডেস্ক
জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বিসিক এলাকায় ফকির মার্কেটের আই এফ এল গার্মেন্টস এর নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওই দুই ব্যক্তি হলেন—নওগাঁ জেলার নেয়ামতপুর থানার বালিচার গ্রামের কছিমদ্দিনে ছেলে আয়নাল (৩৫) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আশরাফুল (৪৫)। এর মধ্যে আয়নাল নির্মাণাধীন কারখানার নিরাপত্তা প্রহরী ও মো. আশরাফুল ওই কারখানার নির্মাণ শ্রমিক ছিলেন।
জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৭টায় লোহার রড দিয়ে কারখানার পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করতে যায় আয়নাল ও মো. আশরাফুল। এ সময় অসাবধানতাবশত জাতীয় পতাকা টানানোর লোহার রডটি পাশে বিদ্যুতের তারে স্পর্শ লেগে তারা দুইজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত টঙ্গীর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত হয়েছেন।
