আলো ডেস্ক
ট্রেন দুর্ঘটনায় নিহতের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে বনখড়িয়া এলাকায় নাশকতার শিকার মোহনগঞ্জ এক্সপ্রেস ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
কামরুল আহসান বলেন, নিহতের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। এছাড়া যারা আহত হয়েছেন তাদের কেউ যদি ক্ষতিপূরণ দাবি করে তাহলে রেলওয়ের পক্ষ থেকে অনুদান দেয়া হবে।
প্রসঙ্গত, বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা । এ দুর্ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী লোকামোস্টার সজিব মিয়া গুরুতর আহত হন।
