আলো ডেস্ক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুরে ট্রেনে নাশকতা। এটা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র। রেলের নাশকতা ও আগুন সন্ত্রাস করে তারা দেশে কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়? এটাই প্রশ্ন। বিএনপি ও তার দোসররা নাশকতার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায়। আমরা সতর্ক পাহারা জোরদার করছি।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি নাশকতা করে যে ভয়ভীতি দেখাচ্ছে সেই ভয় কাটিয়ে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি বলেছে নির্বাচন করতে চায়, জোটে থাকতে চায়। নির্বাচন থেকে সরে যাওয়ার কথা তারা বলে নি। তবে আশঙ্কা থাকতে পারে। তবে আমরা নিশ্চিত হতে চাই। এ নিয়ে অস্থিরতার কারণ নেই। স্বতন্ত্র প্রার্থীদের আ.লীগ উঠাবে না। স্বতন্ত্র ইস্যুতে শরীকদের সাথে আপোষ করার সুযোগ নাই।
তিনি আরও বলেন, নির্বাচন সফল, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করতে হবে। ব্যাপক ভোটার উপস্থিত নিশ্চিত করতে হবে। এটা আমাদের অঙ্গীকার। সমমনাদের সাথে আলোচনা করে যাচ্ছি।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি গুপ্ত হামলা ও গুপ্তহত্যা করছে। বিএনপি ও তাদের দোসররা বাসে-ট্রেনে আগুন দেয়া। তারা ৭ জানুয়ারি নির্বাচন বানচালের চেষ্টা করছে।
সাধারণ সম্পাদক বলেন, বিএনপির গুপ্ত মিছিলের কোনো মূল্য নাই। এগুলো আমরা দেখেও না দেখার ভান করছি। রাজনীতির মাঠে ফখরুল থাকলে ভালো লাগতো। রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বী হিসেবে ফখরুলের জবাব-পাল্টা জবাব দিতে ভালো লাগে। এখন সেটা অনুপস্থিত। থাকলে ভালো লাগতো। মিস করছি এটা বলতে চাই না।
