আলো ডেস্ক
অবাধ-সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনের জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার, পুলিশ ইতোমধ্যে সব ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থার জন্য আমাদের গোয়েন্দাভিত্তিক অপারেশন পরিচালিত হচ্ছে। আপনারা জানেন বিচ্ছিন্নভাবে বিভিন্নস্থানে নাশকতা করা হচ্ছে। পুলিশের যে সক্ষমতা আছে নাশকতাকারীদের সামনে দাঁড়ানোর সাহস আছে বলে মনে করি না। আমাদের সেই সামর্থ্য ও সাহস আছে। যেকোনো নাশকতা মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পুলিশ প্রস্তুত আছে।
তিনি আরও বলেন, আমরা নির্বাচন কমিশন থেকে সন্ত্রাসী ও অস্ত্রধারীদের তালিকা পাইনি, তবে তাদের গ্রেপ্তারের নির্দেশনা পেয়েছি। সন্ত্রাসী-অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযানোর আমরা সবসময়ই করি, এখনও করছি। প্রতিনিয়ত তাদের গ্রেপ্তার করা হচ্ছে।
