আলো ডেস্ক
জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণা, গুপ্ত হত্যা, গণগ্রেপ্তার ও অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবং আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ মানববন্ধন কর্মসূচিতে পুলিশ আতর্কিত হামলা চালিয়ে গুলিবর্ষণ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে অভিযোগ করেছে দলটি।
রবিবার (১০ ডিসেম্বর) সকালে মানববন্ধন করেন নেতাকর্মীরা। এসময় তাদের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি জামায়াতের।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন মানববন্ধনে নেতৃত্বে দেন। এতে আরও অংশ নেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, কামরুল আহসান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগরী পূর্বের সভাপতি তাকরিম হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ঢাকা কলেজ সভাপতি আসিফ তাজওয়ার শিশিরসহ ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা আমির ও সেক্রেটারিরা।
মানববন্ধন কর্মসূচিতে পুলিশের হামলার অভিযোগ এনে এ বিষয়ে তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদও নিন্দা ও প্রতিবাদ জানান।
