আন্তর্জাতিক ডেস্ক
গাজায় ইসরায়েলি আগ্রাসন যুদ্ধ বিরতির পর আরও তীব্র হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় মাত্র ২৪ ঘণ্টায় সেখানে সাড়ে ৩ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় আগের দিন বৃহস্পতিবার ৩৫০ জনের বেশি নিহত হয়েছেন। আর সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে মারা গেছেন ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত ৬০ হাজার। নিহত ব্যক্তিদের ৭০ শতাংশই নারী ও শিশু। একই সময়ে পশ্চিম তীরে হামলায় নিহত হয়েছেন ২৭০ জন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। মাঝে হামাসের সাথে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর গত শুক্রবার থেকে গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। বিরতির পর শুরু হওয়া এই অভিযানে গাজায় হামলা আরও তীব্র করেছে ইসরায়েলের সেনারা।
