মোঃ ফায়সাল হোসেন
রাজশাহীতে গ্রাহকদের প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে “স্বর্ণলতা নগর উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর পরিচালক মুরাদ হোসেন (৫৫) বিরুদ্ধে।
প্রথম দিকে প্রতারক মুরাদ হোসেন “পল্লী প্রগতি সংস্থা” নামে ক্ষুদ্রঋণ, বীমা ও সঞ্চয় কার্যক্রম চালিয়ে আসছিল। মাইক্রোক্রেডিট অথরিটি ছাড়াই উক্ত কার্যক্রম চালিয়ে আসছিল প্রতারক মুরাদ হোসেন ও তার স্ত্রী চেয়ারম্যান আফরোজা ইয়াসমিন রত্না। বিষয়টি সমাজসেবা অধিদপ্তরে লিখিত অভিযোগসহ একাধিক মৌখিক অভিযোগ দেওয়া হয়।
অভিযোগের ভিত্তিতে সমাজসেবা অধিদপ্তর জানায়, আমাদের কাছে মাইক্রোক্রেডিট অথরিটি অনুমোদনের জন্য একটি দরখাস্ত দিয়েছে মাত্র। কিন্তু এখন পর্যন্ত কোন অনুমোদন দেওয়া হয়নি পল্লী প্রগতি সংস্থা নামে। মাইক্রোক্রেডিট অনুমোদন ছাড়াই ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ।
মুরাদ হোসেন পল্লী প্রগতি সংস্থার নামে জনগণের সাথে প্রতারণা করছে। মুরাদ হোসেনকে এমন অপরাধমূলক কর্মকাণ্ড- থেকে বিরত থাকতে বলা হয়েছে অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর প্রতারক মুরাদ হোসেন জনগণের চোখে ধুলো দেওয়ার জন্য নিখুঁত পরিকল্পনা করে। এবং সমবায় সমিতি থেকে নামমাত্র “স্বর্ণলতা নগর উন্নয়ন সমবায় সমিতি লিঃ” নামে একটি প্রাথমিক অনুমোদন গ্রহণ করে।
অনুমোদনের শর্ত অনুযায়ী শুধু সঞ্চয় কার্যক্রম চালাতে পারবে, জীবন বীমা ও ঋণ কার্যক্রম চালাতে পারবে না। প্রতিনিয়ত সমবায় সমিতির সাথে যোগাযোগ রাখতে হবে। সকল অডিট ঠিকভাবে হিসাব দিতে হবে। কিন্তু কোন শর্তই পালন করেনি প্রতারক মুরাদ হোসেন। নিয়ম ভঙ্গ করায় এবং জনগণের জমানো টাকা আত্মসাৎ করার অপরাধে “স্বর্ণলতা নগর উন্নয়ন সমবায় সমিতি লিঃ” রেজি নং-১৩১৫/২০১৮ইং রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।
এ বিষয়ে “স্বর্ণলতা নগর উন্নয়ন সমবায় সমিতির লিঃ”এর পরিচালক মুরাদ হোসেনের মুঠোফোনে ফোন দেয়া হলে, তিনি সদুত্তর দিতে পারেননি। রেজিস্ট্রেশন বাতিল হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি স্বীকার করে বলেন, কিছুদিন আগে স্বর্ণলতা নগর উন্নয়ন সমবায় সমিতি লিঃ রেজি নং-১৩১৫/২০১৮এর রেজিস্ট্রেশন বাতিল হয়েছে। আমি অনেকদিন থেকে কার্যক্রম বন্ধ রেখেছি। আমি বাইরে আছি, অসুস্থ, পরে কথা বলছি, বলে ফোন কেটে দেয় প্রতারক মুরাদ হোসেন।
এ বিষয়ে রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইদুর রহমানের মুঠোফোনে ফোন দেয়া হলে তিনি বলেন, স্বর্ণলতা নগর উন্নয়ন সমবায় সমিতি লিঃ১৩১৫/২০১৮ইং রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে। অডিট হলে তার কোন রেসপন্স পাওয়া যায় না।
অডিট প্রতিবেদনের আলোকে আমরা উক্ত সমিতির রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছি। মুরাদ হোসেন প্রাথমিক রেজিস্ট্রেশন করে অফিসের সাথে ঠিকমতো যোগাযোগ রাখে না। রেজিস্ট্রেশন বাতিল এর আগে আমরা তাকে নোটিশ করেছি কিন্তু সে কোন জবাব দেয়নি। আমাদের রেগুলার অডিট হয় অন্যান্য সমিতি অংশগ্রহণ করলেও স্বর্ণলতা নগর উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর পরিচালক মুরাদ হোসেন অংশগ্রহণ করেনি।
সে আমাদের কাছে সকল তথ্য গোপন রেখে নিজের ইচ্ছামত কাজ করেছে। আমি আপনার দৈনিক রাজশাহীর আলো পত্রিকায় নিউজ দেখেছি। তদন্ত চলছে, তদন্ত শেষ হলে আমাদের বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সমবায় সমিতির রাজশাহী বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ মোখলেসুর রহমান বলেন, স্বর্ণলতা নগর উন্নয়ন সমবায় সমিতি লিঃ রেজি নং-১৩১৫/২০১৮ এর নিবন্ধন বাতিল হয়ে গেছে। তিনি প্রাথমিক অনুমোদন নিয়ে ক্ষুদ্রঋণ, জীবন বীমা কার্যক্রম পরিচালনা করেছে। প্রাথমিক অনুমোদনের মধ্যে এ সকল কার্যক্রম অবৈধ। উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মুরাদ হোসেন আমাদের কাছে অনেক তথ্য গোপন করেছে।
বিভাগীয় অফিস থেকে জেলা কর্মকর্তাকে আদেশ দিয়েছি বিষয়টি দেখার জন্য। যেহেতু এটা প্রাথমিক সমিতি তাই জেলা কর্মকর্তা বিষয়টা দেখবেন। জেলা কর্মকর্তা মোঃ সাইদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত চূড়ান্ত হলে আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব বলেও জানান ওই কর্মকর্তা।
