স্টাফ রিপোর্টার
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭টি গুরুত্বপূর্ণ নথি গায়েবের ঘটনায় নাসিমুল ইসলাম গণি টোটন নামের রাজশাহীর এক ঠিকাদারকে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গত সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় সিআইডির ঢাকার একটি দল ঠিকাদার টোটনের ভেড়ীপাড়ার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গোয়েন্দা সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই বাসায় অভিযান চালানো হয়। এসময় সিআইডি কাউকে ওই বাড়িতে ঢুকতে ও বের হতে দেয়নি। তার বাড়িতে তল্লাশিও চালানো হয়। রাত সাড়ে ১০টায় সিআইডি সদস্যরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি রাজশাহীর বিশেষ পুলিশ সুপার আব্দুল জলিল।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭টি গুরুত্বপূর্ণ ফাইল গায়েবের ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য টোটনকে সিআইডির ঢাকা হেড কোয়ার্টারে নেওয়া হয়েছে। তাকে এখনও গ্রেফতার বা আটক দেখানো হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
