আলো ডেস্ক
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, বাংলাদেশকে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সচিবালয়ে সচিবের নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন বাণিজ্য সচিব।
তিনি বলেন, ‘আমেরিকা থেকে যে চিঠি দেয়া হয়েছে, তার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এ চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় কোনো চাপ অনুভব করছে না। আমরা প্রতিনিয়ত এসব নিয়ে কাজ করছি।’
সামনে দেশের শ্রমিকদের অধিকার কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে জোর দেয়া হচ্ছে উল্লেখ করে তপন কান্তি ঘোষ বলেন, বাংলাদেশকে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার মতো কিছুই দেখি না। বাংলাদেশে সে পরিস্থিতিও নেই। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে স্বচ্ছ প্রক্রিয়ায় সব কিছুই হয়।
বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার কোনো আইন বিশ্ব বাণিজ্য সংস্থার নেই বলেও উল্লেখ করেন তিনি।
সচিব বলেন, ওয়াশিংটন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কিছু পর্যবেক্ষণের কথা রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশের শ্রম আইন নিয়ে কিছু কথা আছে। আমরা সেটি উন্নত করার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, আমি মনে করি এ চিঠি নতুন কিছু না। আমেরিকান এ নীতি সব দেশের জন্যই।
