আলো ডেস্ক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট সুষ্ঠু না হলে জনগণ নির্বাচন কমিশন (ইসি) ভবনের ইট খুলে নেবে বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।
তিনি বলেন, নির্বাচন যদি সুষ্ঠু না হয়, জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে এর দায়ভার প্রধানমন্ত্রীকে নিতে হবে। প্রধানমন্ত্রী কমিটমেন্ট দিয়েছেন তিনি সুষ্ঠু নির্বাচন দেবেন। তার জন্য এটা ফরজ। তা না হলে তিনি সংকটে পড়বেন।
তৈমুর আলম খন্দকার বলেন, যদি মন্ত্রী-এমপিদের গুন্ডা বাহিনী দিয়ে অতীতের মত ভোট করা হয়, যদি নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা রাখতে না পারে তাহলে এর দায়ভার নিতে হবে। ভোট সুষ্ঠু না হলে নির্বাচন কমিশনের কোনো দরকার হয় না। ভোট সুষ্ঠু না হলে জনগণ কমিশন ভবনের ইট খুলে ফেলবে। কারণ, জনগণের টাকায় কমিশনকে বাড়ি-গাড়ি দেওয়া হয়।
প্রার্থী নির্বাচনের বিষয়ে তিনি বলেন, বর্তমান সংসদ বড়লোকদের আড্ডাখানা হয়ে গেছে। গণমানুষের সঙ্গে সম্পর্ক আছে এমন প্রার্থীদের আমরা অগ্রাধিকার দিয়েছি। সমাজে যারা শিক্ষক, সাংবাদিক, মধ্যবিত্ত পেশাজীবী মানুষ তাদের নমিনেশন দেবো। অনেক শিল্পপতি আসছেন মনোনয়ন নিতে, আমরা দিচ্ছি না। অনেকে আসছেন শুধু নমিনেশনের জন্য, দল করার জন্য নয়। যারা আমাদের দল গোছাতে পারবে তাদেরই নমিনেশন দেবো।
সরকারের সঙ্গে জোট প্রসঙ্গে তৈমুর বলেন, সরকারের সঙ্গে কোনো জোটে যাবো না। অন্যের মার্কা দিয়ে নির্বাচন করবো না। অনেকে বলছেন আমি নাকি নৌকা নিয়ে নির্বাচন করবো। এটা পত্রিকায়ও উঠেছে। আমরা এর প্রতিবাদও করেছি। আমাদের জয় যদি অন্যের মার্কায় আগে থেকে সুনিশ্চিতও করা হয় তারপরও আমরা তা করবো না।
