আলো ডেস্ক
বিদ্যমান ব্যবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে সারাদেশে সংসদীয় আসনভিত্তিক আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। দলের মনোনয়নপ্রত্যাশীরা আগামী ডিসেম্বর মাস থেকে নিজেদের কর্মী-সমর্থক নিয়ে রাজপথে সরব হবেন। সেই আন্দোলনে নিজ নিজ নির্বাচনী এলাকায় যারা কৃতিত্ব দেখাতে পারবেন তাদেরই মনোনয়ন দেওয়া হবে। এরই মধ্যে সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছে বিএনপির হাইকমান্ড। দলটির দায়িত্বশীল নেতাদের ভাষ্য, জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে নতুন ধরনের কর্মসূচির কথা ভাবা হচ্ছে।
বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ-পরবর্তী মামলা, গ্রেফতার, সাজা, ধারাবাহিক হরতাল-অবরোধ কর্মসূচিতে পুলিশ এবং ক্ষমতাসীন নেতাকর্মীদের বাধা, দলের প্রধান কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়া, স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মদতে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযান এবং নেতাকর্মীদের পরিবারের সদস্যদের হয়রানিতে সরকারবিরোধী এক দফার যুগপৎ আন্দোলনে কিছুটা ভাটা পড়েছে।
দলটির বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে, গ্রেফতার এড়াতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা গাছের ডালে, ফসলি জমিতে রাতযাপন করছেন। সার্বিক পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে তারা অনেকটাই টালমাটাল। এ অবস্থা থেকে উত্তরণের জন্য চলমান হরতাল-অবরোধ কর্মসূচিতে বিরতি দিয়ে পদযাত্রা ও ঘেরাওয়ের মতো কর্মসূচি বা চলমান কর্মসূচির মধ্যেই কৌশলে পরিবর্তন আনা হতে পারে। যেখানে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে, এমন কর্মসূচি নিয়েই এগোতে চায় দলটি।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ডিসেম্বরে দুই ধাপের কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নেতাকর্মীদের রাজপথে তৎপর রাখা হবে। এরপর সপ্তাহখানেক আবার হরতাল-অবরোধ কর্মসূচিতে যাবে বিএনপি। এসময়ের মধ্যে দায়িত্বশীল নেতাদের গ্রেফতার এড়াতে সর্বোচ্চ কৌশল অবলম্বন করতে বলা হয়েছে। তবে নির্বাচনের প্রতীক বরাদ্দের পর দলীয় কর্মসূচিতে যে নেতা যতটুকু ভূমিকা রাখতে পারবেন দলের সাংগঠনিক পর্যায় অথবা মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তাকে সেভাবে মূল্যায়ন করা হবে।
ওই নেতার ভাষ্য, দল বা যুগপৎ আন্দোলনে সন্দেহজনক যারা রয়েছেন প্রতীক বরাদ্দের পর তাদের গতিবিধি বিএনপির কাছে স্পষ্ট হবে। অন্যদিকে প্রতিটি সংসদীয় আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১১ জন করে মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। এই মনোনয়ন ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে যে অসন্তোষ তৈরি হবে তা নির্বাচন ঠেকানোর আন্দোলনে গতি পাবে এবং বিএনপি সেসব মনোনয়নবঞ্চিত প্রার্থীকে আন্দোলনের মাঠে কাজে লাগাতে চায়।
সুত্র-জাগো নিউজ
