স্পোর্টস ডেস্ক
ভারতের মাটিতে যে যুদ্ধের ডামাডোল বেজেছিলো অবশেষে তা শেষ হতে যাচ্ছে। ২২ গজের শ্রেষ্ঠ কে, তা জানতে অপেক্ষা মাত্র কয়েক ঘন্টার। এরপরই একদিনের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের মুকুট উঠবে বিজয়ীর মাথায়। স্বপ্নের ফাইনালে ভারতের তৃতীয় না অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা হবে তা নিয়ে যত জল্পনা কল্পনা।
রবিবার (১৯ নভেম্বর) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম পর্দা নামছে ক্রিকেট বিশ্বকাপের। ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই মহারথী ভারত-অস্ট্রেলিয়া। ফাইনালে দুই দলই নামতে পারে অপরিবর্তিত একাদশ নিয়ে।
সাত জন বিশেষজ্ঞ ব্যাটারের সাথে এক অলরাউন্ডার আর চার বিশেষজ্ঞ বোলার খেলাতে পারে ভারত। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আসর জুড়ে পারফর্ম করেছেন রবীন্দ্র জাদেজা। একমাত্র অলরাউন্ডার হিসেবে তাকেই দেখা যাবে। চার বোলারের মধ্যে তিন পেসার-মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে থাকতে পারেন কুলদ্বীপ যাদব।
ভারতের মতোই গত ম্যাচের একাদশ নিয়েই নামতে পারে অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে ডেইভ ওয়ার্নার পরীক্ষিত এবং ইনফর্ম। তার সঙ্গী হিসেবে থাকতে পারেন ট্রাভিস হেড। সেমি ফাইনালে দলকে ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তিনে খেলবেন অভিজ্ঞ মিচেল মার্শ। মিডল অর্ডারে স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল ও জশ ইংলিশের মতো ব্যাটাররা থাকবেন।
ভারত (সম্ভাব্য একাদশ)- শুবমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মস শামি, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ ও কুলদ্বীপ যাদব।
অস্ট্রেলিয়া (সম্ভাব্য একাদশ)– ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।
