আলো ডেস্ক
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে নতুন রাজনৈতিক দল তৃণমূল বিএনপি। এদিকে শনিবার (১৮ নভেম্বর) থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে দলটি। আজ বেলা ১২টা পর্যন্ত রাজধানীর তোপখানাস্থ মেহেরবা প্লাজায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম কিনেছেন ১৪ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন দলের ভাইস চেয়ারপারসন সালাম মাহমুদ। তারা হলেন আলহাজ্ব মো. শরীফুজ্জামান খান (টাংগাইল সদর ৫), মাহবুবুর রহমান খান (টাংগাইল-২), শহীদুল ইসলাম (টাংগাইল-৪), আসলাম আল মেহেদী (সাতক্ষীরা-৪), চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী (গাজীপুর-১), আবদুল মোতালিব (বগুড়া-৩), আবদুল খালেক সরকার (কুষ্টিয়া-১), মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান (খুলনা-৪), মো. মোফাজ্জল হোসেন (দিনাজপুর-৬), কে এ জাহাঙ্গীর মাজমাদার (ঝিনাইদহ-১ ), মো. মজনু মিয়া (নাটোর-২), ফারুক হোসেন (শেরপুর-১), এস এম আকাশ (ঢাকা-৮) ও লায়ন আফরোজ বেগম হ্যাপী (ঢাকা-১৭)।
জানা গেছে, সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে প্রথম মনোনয়ন পত্রটি কেনেন মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান। জাতীয় সংসদের আসন খুলনা-৪ থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন তিনি।
আগেই সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল মনোনয়ন ফরমের দাম পাঁচ হাজার টাকা। পে অর্ডার বা নগদ জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। সব কিছু ঠিক থাকলে আগামী ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।
