স্পোর্টস ডেস্কঃ স্বদেশি কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে অনন্য এক উচ্চতায় পৌঁছে গেলেন বিরাট কোহলি। আজ (বুধবার) ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির বিশ্বরেকর্ড করেছেন ভারতীয় এই ব্যাটার। এতদিন ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড নিজের করে রেখেছিলেন শচিন।
আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি করেন কোহলি। এতেই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত করলেন ভারতের তারকা এই ক্রিকেটার।
এর আগে চলতি বিশ্বকাপের গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে শচিনের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন কোহলি। এরপর গ্রুপপর্বের শেষ ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর সুযোগ পেয়েছিলেন কোহলি। তবে সে সুযোগটি কাজে লাগাতে পারেননি তিনি। ৫৬ বলে ৫১ করে আউট হন এই তারকা ব্যাটার।
ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। হিটম্যান খ্যাত রোহিতের সেঞ্চুরি ৩১টি। সে হিসেবে শতক হাঁকানোর তালিকায় শীর্ষ তিনটি স্থানই ভারতীয়দের দখলে।
রোহিতের চেয়ে একটি সেঞ্চুরি কম হাঁকিয়ে তালিকায় চতুর্থ স্থানে আছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার রিকি পন্টিং। কিংবদন্তি এই ক্রিকেটার ৩০টি সেঞ্চুরি হাঁকাতে খেলেছেন ৩৭৫ ম্যাচ।
