আলো ডেস্কঃ নির্বাচন ঘনিয়ে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হয়তো দু-একদিনের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা দেবে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৪ মন্ত্রণালয়/বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় দেশব্যাপী নির্মিত ১০,০৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়ে এসেছি। দীর্ঘসময় সরকারে থাকার কারণেই আমরা যেভাবে উন্নয়ন পরিকল্পনা করেছিলাম সেভাবে করতে পেরেছি।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে দেখে এখন আর কেউ বলতে পারবে না এ দেশ দরিদ্র দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, হাত পেতে চলার দেশ। আমরা এখন একটা মর্যাদাশীল দেশে পরিণত হয়েছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
এসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ভোট চুরির যে কালচার, ডাকাতির যে কালচার, সেই কালচার তারা (বিএনপি) শুরু করে। আমি ধন্যবাদ জানাই উচ্চ আদালতকে, অবৈধভাবে ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করার জন্য।
আওয়ামী লীগ সভাপতি বলেন, এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে যারা সংযুক্ত রয়েছেন, যাদের আমি দেখতে পাচ্ছি, আর যাদের দেখতে পাচ্ছি না সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চোখে না দেখলেও মনে রাখবেন, বাংলাদেশের জনগণ যে যেখানে থাকেন আপনারা আমার হৃদয়ে আছেন। আমার হৃদয়ে আপনাদেরকে ধারণ করি। আপনাদের কল্যাণে আমি কাজ করতে চাই।
