আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রতিপক্ষ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে বৈঠক করবেন। এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শি আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছেন।
তিনি সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। পাশাপাশি তিনি সাইডলাইনের বৈঠক হিসেবে বাইডেনের সঙ্গে মিলিত হবেন।
গত বছর বালিতে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার পর থেকে শি এবং বাইডেন আর দেখা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, দুই প্রেসিডেন্ট সান ফ্রান্সিসকোর উপসাগরীয় এলাকায় বৈঠক করবেন।
শনিবার থেকে শুরু হওয়া শীর্ষ সম্মেলনের সময় হাজার হাজার বিক্ষোভকারী সান ফ্রান্সিসকোতে অবস্থান করবে বলে ধারণা করা হচ্ছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে বলেছেন, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে আন্তজাতিক চ্যালেঞ্জগুলো বিষয়ে আলোচনা করবেন। তবে বৈঠক থেকে বড় ধরনের কোনো ঘোষণা আসার সম্ভাবনা নেই।
একজন মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, বৈঠকে আলোচনার জন্য কিছুই আটকে থাকবে না। সবকিছুই আলোচনার টেবিলে রয়েছে।
সূত্র: আলজাজিরা
