আল ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকারের ‘অলটারনেট গণতন্ত্রের’ ফানুস ফেটে চুপসে গেছে। ‘২০২৪ সালে এসে সরকার আর দেশে-বিদেশে কাউকে বোকা বানাতে পারছে না। তাদের ‘অলটারনেট গণতন্ত্রের’ ফানুস ইতোমধ্যে ফেটে গ্যাস বেরিয়ে চুপসে গেছে।’
শনিবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মঈন খান।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার একতরফা তফসিল ঘোষণা করলে তারা পুনরায় এটাই প্রমাণ করবে যে, আওয়ামী সরকার গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয়। বরং একদলীয় স্টিম রোলার চালিয়ে দেশ শাসন করতে চায়।’
মঈন খান বলেন, ‘সরকারি দল হয়তো মনে করছে অতীতের মতো একটি একতরফা সাজানো নাটক করে এবারেও নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে। তারপর যেনতেন প্রকারে একটা গৃহপালিত বিরোধীদল সাজিয়ে নির্বিঘ্নে একটি ‘মেইক বিলিভ’সংসদের নাটক মঞ্চস্থ করবে। এখন ২০১৪ বা ২০১৮ সাল নয়। ২০২৪ সালে এসে এখন সরকার আর দেশে-বিদেশে কাউকে বোকা বানাতে পারছে না, কারণ তাদের ‘অলটারনেট গণতন্ত্রের’ ফানুস ইতোমধ্যেই ফেটে গ্যাস বেরিয়ে চুপসে গেছে।
হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বর্তমান সরকার নতুন করে আবার একদলীয় সবকার গঠন করে দেশের মানুষের ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার হরণ করেই চলবে, এটা বাংলাদেশের মুক্তিকামী মানুষ আর হতে দেবে না।’
‘এখন দেশের ভেতরেই হোক বা বাইরেই হোক, সবাই প্রত্যক্ষ করেছে এবং খোলাখুলিভাবে স্পষ্ট করে দিয়েছে যে, বিরোধী দলের ওপর ক্র্যাকডাউন করে এবং তাদের সংগঠনের ওপর থেকে নিচ পর্যন্ত সবাইকে গ্রেফতার করে একতরফা প্রহসনের নির্বাচনের তামাশা শুরু করেছে। এর মাধ্যমে রাজত্ব চালানো যেতে পারে, তবে গণতন্ত্র নয়।’-বলেন মঈন খান।
