আলো ডেস্কঃ গাজীপুরে পুলিশের সঙ্গে আবারও বিক্ষুব্ধ পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে নাওজোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, আহত পাঁচ পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়েছে।
তারা হলেন—বিপুল (২৪), আশিকুল (২৭), ফুয়াদ (২৮), খোরশেদ (৩০) ও প্রবীর (৩০)। তাদের মধ্যে গুরুতর আহত ফুয়াদ, প্রবীর ও খোরশেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ফুয়াদ ডান হাতের আঙুলে আঘাত পেয়েছেন।
জানা গেছে, ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে বুধবার সকালেও আন্দোলন করেন পোশাক কারখানার শ্রমিকরা। এসময় এক নারী শ্রমিক নিহত হন। এরপর পরিস্থিতি পুরোই স্বাভাবিক ছিল। কিন্তু বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান শ্রমিকরা। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন তারা। এতে পুলিশের পাঁচ সদস্য গুরুতর আহত হন। পরে পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাবের সমন্বয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা পিছু হটেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মাহবুব আলম বলেন, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে বিকালে নাওজোড় এলাকায় সংঘর্ষের ঘটনায় পাঁচ জন এবং সকালে সংঘর্ষে তিন জন আহত হয়েছেন।
