স্পোর্টস ডেস্কঃ ভারতে চলমান বিশ্বকাপের ১৩তম আসরে খুব একটা ভালো অবস্থানে নেই শ্রীলঙ্কা। কিন্তুর সমীকরণে দাঁড়িয়ে রয়েছে লঙ্কানদের সেমিফাইনালের রেস। ভারতের কাছের অসম লজ্জার হারে পুরো লঙ্কান বোর্ড বরখাস্ত করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।
সোমবার (৬ নভেম্বর) চলমান বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগেই লঙ্কান শিবির এ সংবাদ পেয়েছে।
রয়টার্সের সূত্রে জানা যায়, ভারতের বিপক্ষে ৩০২ রানের বিশাল হারের পর বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে শুক্রবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের গভর্নিং বডিকে ‘বিশ্বাসঘাতক এবং দুর্নীতিবাজ’ অ্যাখ্যা দেন। আর বোর্ড সদস্যদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন। এরপর পদত্যাগ করেছিলেন ক্রিকেট বোর্ড সেক্রেটারি।
পুরনো কমিটিকে বরখাস্তের পরপরই সাত সদস্যের নতুন একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। যার দায়িত্বে থাকছেন শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক প্রেসিডেন্ট উপালি ধর্মদাসা, অবসরপ্রাপ্ত বিচারক এস আই ইমাম, রোহিণী মারাসিংহে ও ইরাঙ্গানি পেরেরা, আইনজীবী রাকিথা রাজাপক্ষে এবং ব্যাবসায়ী হিশাম জামালদিন।
