নাইন-ইলেভেনের হামলার প্রসঙ্গ টেনে ওয়াশিংটনের মতো একই ধরনের ভুল না করতে সে সময় ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছিলেন ওবামা। ওই ঘটনার পর আমেরিকা একাধিক যুদ্ধে জড়িয়ে পড়েছিল। এরপর আবারও গাজায় ইসরাইলের নির্বিচারে হামলার বিরুদ্ধে মন্তব্য করলেন তিনি।
শনিবার এক সাক্ষাৎকারে ওবামা বলেন, ইসরাইলের বিরুদ্ধে হামাসের ৭ অক্টোবরের হামলা ছিল ভয়াবহ। তবে, এখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে যা করা হচ্ছে, তা সহ্যের বাইরে। ওবামা বলেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে, এর জন্য যে কোনো বেসামরিক লোকের মৃতু্যতে চরমপন্থা বাড়বে। এটা তাদের দীর্ঘমেয়াদে নিরাপত্তার ক্ষতি করবে। ওবামা বলেন, হামাস ও ইসরাইল কেউই নিরপরাধ নয়। তবে, ফিলিস্তিনের ইসরাইলের হামলায় এমন সব লোক মারা যাচ্ছে, যাদের সঙ্গে হামাসের কোনো সম্পর্ক নেই।
‘পড সেভ আমেরিকা পডকাস্ট’র জন্য দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘কোনো গঠনমূলক উদ্যোগ নিতে হলে আমাদেরকে প্রথমে মেনে নিতে হবে, এখানে একটি জটিল পরিস্থিতি চলছে এবং বাইরে থেকে দেখে যা মনে হয়, বিষয়টি ততটা সরল নয়। হামাস যা করেছে, তা ভয়ানক এবং এর পেছনে কোনো যুক্তি নেই। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে এখন যা চলছে এবং আগে তাদের ভূখন্ড যেভাবে অধিগ্রহণ করা হয়েছে, তা সহ্যের বাইরে।’ তিনি বলেন, ইসরাইল-হামাস কারও হাতই পরিষ্কার নয়।
সূত্র: পলিটিকো
