আলো ডেস্কঃ গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ কর্মসূচি ঘিরে সহিংসতায় হতাহতের ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) দেওয়া সাম্প্রতিক বিবৃতির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।
বাস্তবতার নিরিখে বিবৃতিটি সংশোধন করা হবে, সরকারের পক্ষ থেকে এমন আশা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের বিবৃতি প্রকাশের আগে সঠিক তথ্য সংগ্রহ এবং তা যাচাই করে পর্যালোচনা করা প্রয়োজন বলেও মনে করে সরকার।
চিঠিতে বলা হয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক প্রশাসনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের এক দফা অসাংবিধানিক দাবির নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক সহিংসতায় সরকার বিস্মিত। বিএনপির অনুরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কিছু নির্দিষ্ট শর্তে গত ২৮ অক্টোবর তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেয়। তবে, বিএনপি কর্মীরা নির্বিচারে রাস্তায় সহিংসতা, অগ্নিসংযোগ এবং ব্যক্তি ও সম্পদের ওপর হামলা করে।
এতে বলা হয়, এ সহিংসতার প্রধান লক্ষ্যবস্তু হয়েছে অরাজনৈতিক আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, নিরাপরাধ নাগরিক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সরকারি সম্পত্তি। অসংখ্য ছবি এবং ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশের একজন সদস্যকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে- দিনের আলোতে, প্রশস্ত প্রকাশ্য রাস্তায়, আরও কয়েক ডজন আইন প্রয়োগকারী এজেন্টদের আক্রমণ ও আহত করা হয়েছিল। বাসের কন্টাক্টরকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, বাস, ফায়ার সার্ভিসের ট্রাকসহ অন্যান্য গাড়িতে অগ্নিসংযোগ করা হয়, প্রধান বিচারপতি ও দেশের সর্বোচ্চ আদালতের অন্যান্য বিচারকদের বাসভবন ভাঙচুর করা হয়। পুলিশ হাসপাতাল চত্বর ও অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয় এবং বেশ কয়েকটি থানায় ভাঙচুর করা হয়, সাংবাদিক ও ক্যামেরাপারসনদের আক্রমণ করা হয়েছে। এমনকি বিএনপির এমন ক্রমাগত নৃশংসতার মুখেও সরকার এবং এর আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সংযম ও ধৈর্য্য প্রদর্শন করেছে এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করতে সর্বোত্তম শক্তি প্রয়োগ করেছে।
এতে আশাবাদ ব্যক্ত করা হয়, ওএইচসিএইচআর বিশ্বব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠায় সমাদৃত। এর কাজ অবশ্যই বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতার নীতিগুলো প্রতিফলিত করবে। ফলে কোনো বিবৃতি প্রকাশের আগে সঠিক তথ্য সংগ্রহ ও তা যাচাই করে পর্যালোচনা করা প্রয়োজন। বাংলাদেশ সরকার আশা করে গত ৩১ অক্টোবর ওএইচসিএইচআর যে বিবৃতি দিয়েছে বাস্তবতার নিরিখে তা সংশোধন করবে।
এরআগে ওএইচসিএইচআর গত মঙ্গলবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের সংকটের এ সময়ে রাজনৈতিক উত্তেজনা প্রশমনে সরকারকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
গত শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় সংঘাত-সহিংসতার ঘটনায় রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি ছাড়াও ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ এনে বিবৃতি দেয় ওএইচসিএইচআর।
বিষয়টি নিয়ে গতকাল বুধবার (১ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দাবি করেন, ওএইচসিএইচআরের বিবৃতিতে তথ্যগত গ্যাপ রয়েছে।
তিনি বলেন, ওএইচসিএইচআরের অনেকগুলো বর্ণনা বেশ ত্রুটিপূর্ণ। আসল ঘটনা বিবর্জিত। তাদের তথ্যে গ্যাপ আছে। এ রকম প্রতিষ্ঠানগুলোর তথ্যে গ্যাপ থাকাটা খুবই দুঃখজনক। আমরা সে বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করবো। আর তাদের বর্ণনায় যে ভুলগুলো আছে, প্রতিবাদ জানিয়ে সেগুলো তুলে ধরবো।
একই দিন বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে দেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।
