আলো ডেস্কঃ সারাদেশে বিএনপির ডাকা তিনদিন ব্যাপী অবরোধ সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিছিল করেছে বিএনপি ও কৃষক দল। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০-১৫টি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক ও সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাসহ বিএনপির চার নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের সমর্থকেরা মাদানীনগর এলাকায় টায়ারে অগ্নিসংযোগ ও পিকেটিং করে। সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের নেতা–কর্মীরা টায়ার পুড়িয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ও সানারপাড় এলাকায় অবরোধ করে। সাজেদা হাসপাতালের সামনে জেলা কৃষক দলের নেতা–কর্মীরা তিনটি বাস ভাঙচুর করে। এ সময় ১০-১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
অন্যদিকে বন্দর উপজেলার মদনপুর কিউট এলাকায় মিছিল করে রাস্তা আগুন জ্বালিয়েছে মহানগর যুবদল ও ছাত্রদল। এ সময় তারা কয়েকটি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশায় ভাঙচুর চালায়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, চলমান বিচারহীনতা, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতা-কর্মীদের গ্রেপ্তার, অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে তাদের এই অবরোধ কর্মসূচি। আগামীতে আরও বড় ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, গুরুত্বপূর্ণ মহাসড়ক ছাড়াও নারায়ণগঞ্জের কোথাও কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি যেকোনো বিশৃঙ্খলা রোধে তারা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।
