আলো ডেস্কঃ নীলফামারীর জলঢাকার কৈমারী ইউনিয়নের দোলাপাড়া গ্রামের নিজ বাড়ির শোবার ঘর থেকে কৃষক বিপুল চন্দ্র রায় (২৭) ও তার স্ত্রী বৃষ্টি রানী রায়ের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় তাদের মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। বিপুল ওই এলাকার নারায়ণ চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে পাশের কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা মেলাবর এলাকার বিকাশ চন্দ্র রায়ের মেয়ে বৃষ্টি রানীর সঙ্গে বিয়ে হয় কৃষক বিপুলের। গত কয়েকদিন তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। পরে বুধবার দুপুরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় তারা। বিকেল পর্যন্ত ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যায় প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে দেখতে পান বিপুল ঘরের চালার বাঁশের সঙ্গে ঝুলছেন ও বৃষ্টি বিছানায় পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, একই ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে তা ভেতর থেকে বন্ধ ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
