আলো ডেস্কঃ নওগাঁয় ১০ম শ্রেনীর এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মনোয়ার (৩৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার (১ নভেম্বর) ভোর রাতে জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়ী দেওয়ানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনোয়ার হোসেন হাঁপানিয়া ইউনিয়নের মোহনপুর এলাকার বাসিন্দা। গণধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বাড়ি নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার শেখ সাদিক।
কোম্পানী কমান্ডার শেখ সাদিক জানান, গণধর্ষণের শিকার ওই স্কুল শিক্ষার্থী ৩০ সেপ্টেম্বর হাঁপানিয়া বাজারে প্রাইভেট পড়ার জন্য একডালা নামক স্থানে পৌঁছালে সেখানে ব্যাটারী চালিত অটো ড্রাইভার সুজন তাকে সুকৌশলে গাড়িতে তোলে অপহরণ করে গ্রেপ্তার মনোয়ারের ভাড়া বাড়িতে নিয়ে যায়।
পরে তাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে শারিরীক সম্পর্কের চেষ্টা করলে সে রাজি না হলে জোর করে তাকে পালাক্রমে গণধর্ষণ করে এবং গণধর্ষণের ভিডিও তাদের মোবাইল ফোনে ধারণ করে। পরে এই ঘটনা কাউকে বলে দিলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় আসামিরা।
তিনি আরও বলেন, এই ঘটনার পর ওই শিক্ষার্থীর বাবা নওগাঁ সদর মডেল থানায় গণধর্ষণের মামলা করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে বুধবার ভোর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় মহাদেবপুর উপজেলার শালবাড়ী দেওয়ানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
