আলো ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রামেক হাসপাতালের সামনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।
এ সময় তারা হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ৭২ ঘণ্টার এ আল্টিমেটাম দেন তারা। নাহলে লাগাতার ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা। এ সময় কালোব্যাজ ধারণ করেন তারা।
মানববন্ধন কর্মসূচিতে চলাকালে অনুষ্ঠিত সমাবেশে চিকিৎসক নেতারা বলেন, এ নৃশংস হত্যাকাণ্ডে তারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কিত। অবিলম্বে এর সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে, যাতে করে আগামীতে এমন ঘটনা আর ঘটতে না পারে। এমন নৃশংসতা বন্ধে দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান তারা।
এসময় বিএমএ রাজশাহী শাখার সভাপতি ডা. এ বি সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ডা. নওশাদ আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার চিন্ময় কান্তি দাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এদিকে রাজশাহীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ গোলাম কাজেম আলী আহমেদ নিহত হওয়ার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার (৩০ অক্টোবর) প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখে বিএমএ।
একই দাবিতে দুপুরে মহানগরের সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী। কর্মসূচি থেকে এ ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করা হয়।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক, জানান, নিহতের স্ত্রী ডা. ফারহানা ইয়াসমিন বাদী হয়ে সোমবার দুপুরে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে এজাহরে আসামি অজ্ঞাত এবং সংখ্যাও উল্লেখ করা হয়নি। তারা বর্তমানে গুরুত্বের সাথে মামলাটি তদন্ত করছেন। এ মামলার সূত্র বের করতে সিআইডিও বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। কাউকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় জড়িত অপরাধীরা শিগগিরই ধরা পড়বে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
এর আগে রোববার (২৯ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে মহানগরের লক্ষ্মীপুর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শেষে সহকারীসহ মোটরসাইকেলে করে উপশহর এলাকার বাসায় ফিরছিলেন ডা. গোলাম কাজেম আলী আহমেদ। রাত পৌনে ১২টার দিকে মহানগরের বর্ণালীর মোড়ে মাইক্রোবাসে আসা একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তার বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা মাইক্রোবাসে করে পালিয়ে যায়। পরে রাস্তা থেকে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গোলাম কাজেম আলী আহমেদের স্ত্রী ডা. ফারহানা ইয়াসমিন বাদী হয়ে সোমবার দুপুরে মহানগরের রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
