আলো ডেস্কঃ ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশের প্রেক্ষাপটে জনগণের ধিক্কার ছাড়া দলটির আর কিছুই জুটবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট যে সন্ত্রাসী এবং বিএনপি যে একটা সন্ত্রাসী দল সেটাই তারা ২৮ অক্টোবর পুনরায় প্রমাণ করলো।
সাংবাদিকদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, মাঝখানে কিছুদিন বিএনপি রাজনৈতিকভাবে কর্মসূচি করছিল এবং আপনারা নিশ্চয়ই বিশেষভাবে লক্ষ্য করেছিলেন আমাদের সরকার কিছু তাদের কোনো বাধা দেয়নি। তাদের ওপর একটা শর্ত ছিল, তারা অগ্নিসংযোগ বা ভাঙচুর করবে না।
শুধু তাই না, হাসপাতালে ঢুকেও তারা হামলা করেছে। সেখানেও পুলিশের ওপর হামলা চালিয়েছে। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে হাসপাতালে হামলা করছে, নারী-শিশুদের হত্যা করছে, এর সঙ্গে তো বিএনপির হামলার কোনো তফাৎ দেখি না।
ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালানো ইসরায়েলের সঙ্গে বিএনপি ও জামায়াতের হামলার কোনো পার্থক্য নেই বলে জানান প্রধানমন্ত্রী। বিএনপি-জামায়াতের চলমান আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসীদের যেভাবে শিক্ষা দেওয়া যায়, সেটাই আমরা দেবো।
