আলো ডেস্কঃ বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন রাজশাহীতে চলছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে অবরোধের সমর্থনে রাজশাহী-ঢাকা মহাসড়কের কাঁপাশিয়ায় ও বিনোদপুর বাজারে জেলা ছাত্রদল বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখে।
রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম ও জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের ক্করা হয়। মিছিলটি রাজশাহী-ঢাকা মহাসড়কের কাঁপাশিয়ায় রাস্তায় খড়কুঠো জ্বালিয়ে অবরোধের সমর্থনে স্লোগান দিতে থাকে। মহাসড়কে প্রায় ঘন্টাব্যাপি অবস্থান করে তারা। পরে পুলিশ আসলে সেখান থেকে তারা সরে যায়।
এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী ও সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজশাহী-ঢাকা মহাসড়কের বিনোদপুর বাজারে বাঁশ ফেলে রাস্তা অবরোধ করে এবং স্লোগান দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে সেখান থেকে তারা সরে যায়।
অবরোধের কারণে রাজশাহী জেলা বাস টার্মিনাল ও বিভাগীয় বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যায়নি। তবে যথাসময়ে রেলস্টেশন থেকে সকল রুটের লোকাল ও আন্তঃনগর ট্রেন সময়মতো ছেড়ে গেছে। রাজশাহী মহানগরীর দোকান-পাট খুলেছে এবং মহানগরীতে রিকশা ও অটো রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।
এছাড়া অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক মোড় সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল দিচ্ছে পুলিশ।
সূত্র-নিউজনাউ
