আলো ডেস্কঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে শামীম মোল্লা নামে একজন নিহত হয়েছেন। বিএনপির দাবি- নিহত শামীম মোল্লা মুগদা থানার যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিটের সভাপতি ও পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবার দাবি- সে ১৮ বছর ধরে ড. লিলেনের গাড়ি চালকের চাকরি করছেন এবং তার শরীরে গুলির আঘাতের কোনো চিহ্ন নেই।
রোববার (২৯ অক্টোবর) শামীম মোল্লার পরিবার জানায়, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এমনকি তার যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়েও পরিবার কিছুই জানে না।
এর আগে শনিবার (২৮ অক্টোবর) বিএনপি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানায়, নিহত শামীম মোল্লা মুগদা থানার যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিটের সভাপতি।
নিহত শামীমের বাবা ইউসুফ মিয়া জানান, ড. লিলেনের কাছে আমার ছেলে ১৮ বছর ধরে গাড়ি চালকের চাকরি করে। শনিবারও সে ডিউটিতে যায়, কিন্তু মালিক গাড়ি না বের করায় ফেরত আসে সে। এরই মাঝে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এসে ছেলের মরদেহ শনাক্ত করি। আমি নাভি পর্যন্ত চেক করেছি। আমার ছেলের শরীরে কোথাও গুলি তো দূরের কথা আঘাতের কোনো চিহ্ন দেখিনি। ছেলে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কোনো তথ্য তার জানা নেই।
নিহত শামীমের চাচাতো ভাই সুমন বলেন, শামীমের শরীরে গুলির কোনো চিহ্ন নেই। ধাওয়ার মধ্যে পড়ে মাটিতে পড়ে গেলে আর উঠতে পারেনি। সাধারণ মানুষরাই তাকে পিষ্ট করে। পরে স্ট্রোক করে মারা গেছে সে।
এদিকে গতকাল রাতেই হাসপাতাল কর্তৃপক্ষও বলছেন একই কথা। তারা জানান, শামীমের শরীরে আঘাত কিংবা গুলির কোনো চিহ্ন ছিল না। হৃদরোগে আক্রান্ত হয়েই শামীম মিয়ার মৃত্যু হয়েছে বলে জানান তারা। উল্লেখ্য, শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে মহাসমাবেশের নামে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের রাজনীতি শুরু করে বিএনপি। তাদের হামলা থেকে বাদ যায়নি সাধারণ মানুষ, পুলিশ এবং গণমাধ্যমকর্মীও। এদিন বিএনপির হামলায় মারা যান এক পুলিশ সদস্য। হামলা চালানো হয় প্রধান বিচারপতির বাস ভবনেও। অগ্নিসংযোগ করা হয় রাজারবাগে পুলিশ হাসপাতালে।
