আলো ডেস্কঃ চলমান বিএনপির হরতালকে কেন্দ্র করে ১৩টি উপজেলায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় জেলা বিএনপির সভাপতিসহ জামায়াত-বিএনপির মোট ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেল তিনটার দিকে দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম (অপরাধ) আটকের সংবাদটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় নাশকতা মামলায় বিএনপি জামায়াতের ৩৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল রয়েছে।
তিনি আরও বলেন, দিনাজপুর জেলায় বিএনপির ডাকা হরতালকে কেন্দ্র করে এই অভিযান অব্যাহত রয়েছে। জামায়াত-বিএনপির কোন ধরনের হরতাল সমর্থনে পিকেটিং করতে দেয়া হয়নি। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।
হরতাল সমর্থনে জেলার গণপরিবহনসহ দূরপাল্লার কোনো যান চলাচল করেনি। শহরে হালকা পরিবহন চলাচল করলেও বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, শিল্পপ্রতিষ্ঠানসহ সীমিত আকারে তাদের কার্যক্রম করেছে। তবে জেলায় বড় রকমের সহিংসতার কোন খবর পাওয়া যায়নি।
