আলো ডেস্কঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর রবিবার (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। হরতালের প্রতিবাদে সকাল থেকেই আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া শুরু করে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সহযোগী সংগঠন কৃষক ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতারা অবস্থান করেন। এই তিন সংগঠনের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মহানগরে নেতাকর্মীরাও উপস্থিত রয়েছেন।
এদিকে সকাল থেকেই বিএনপির হরতালের প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল করতে দেখা গেছে। নেতাকর্মীদের এমন স্লোগানে মুখরিত ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ।
‘অবৈধ হরতাল মানি না, মানব না, যে হাতে গাড়ি পোড়ায়, সেই হাত পুড়িয়ে দাও, শেখ হাসিনা সংসদে আমরা আছি রাজপথে। যে হাতে পুলিশ মারে সেই হাত ভেঙে দাও, যে হাতে সাংবাদিক পিটায় সে হাত ভেঙে দাও।’
এ সময় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার কবির, প্রচার সম্পাদক সাইফুন নবীন সাগর, সদস্য শহিদুল ইসলাম মিলন, মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক শফিউল আলম শফিক উপস্থিত ছিলেন।
অন্যদিকে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের নেতৃত্বে সতর্ক অবস্থানে রয়েছেন কৃষক। এ সময় কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, সহসভাপতি তারিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক হাবিব মোল্লা প্রমুখ।
এ ছাড়া ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সতর্ক অবস্থান রয়েছে নেতাকর্মীরা। এ সময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুব, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ার হোসেন বিপুলসহ শতাধিক নেতা।
এদিকে বিএনপির হরতাল-নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা শুরু হয়েছে। ঢাকা মহানগর উত্তরের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুল ইসলাম মিজু জানান, বেলা ১১টা, মিরপুর-১, শাহআলী মাজারের সামনে এই কর্মসূচি শুরু হয়েছে।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে সতর্ক অবস্থানে রয়েছে।
