আলো ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির জানিয়েছেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আটক হয়েছেন বলে যে খবর ছড়িয়েছে সেটি সঠিক নয়।
রবিবার (২৯ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে সময় সংবাদকে তিনি এই তথ্য জানান। এর আগে সকাল ১০টার দিকে মির্জা আব্বাস আটক হয়েছেন বলে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। খবরে শায়রুল কবিরের বরাত দেয়া হয়।
এ বিষয়ে শায়রুল কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মির্জা আব্বাসকে আটক করা হয়নি। যে সংবাদমাধ্যমে আমার বরাতে এই খবর দেয়া হয়েছে তারা আসলে মির্জা ফখরুলের জায়গায় মির্জা আব্বাসের নাম লিখেছেন।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। গুলশানের বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান শায়রুল কবির।
মির্জা ফখরুল ইসলামের স্ত্রী রাহাতারা বেগম সাংবাদিকদের বলেন, পুলিশ প্রথমে বাসার ভেতর এসে কথা বলেন। এরপর তারা চলে যান, কিন্তু বাসার নিচে তাদের উপস্থিতি ছিল। ১০ মিনিট পর আবার বাসার ভেতর এসে মির্জা ফখরুলকে নিয়ে যায় পুলিশ।
এদিকে সরকার পতনের একদফা দাবি আদায়ে রবিবার (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। শনিবার সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব।
সকালে বিএনপি -জামায়াতের ডাকা হরতালে রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররমের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। রবিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে শিকড় পরিবহনের বাসটিতে আগুন দেয়া হয়।
এছাড়া উত্তরায় বিআরটিসির তিনটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে বাসগুলোর জানালার গ্লাস ভেঙে গেছে।
এদিকে সকাল থেকে বিএনপি এবং জামায়াতে ইসলামীর ডাকা হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি রাজধানীর সড়কগুলোতে। তবে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন জায়গায় হরতালের সমর্থনে মিছিল এবং পিকেটিংয়ের খবর পাওয়া গেছে।
রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় এমনিতেই সড়কে যানবাহনের চাপ থাকে। যার রেশ শুরু হয় সকাল থেকেই। রবিবারও তার ব্যতিক্রম ছিলো না। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সময় সংবাদের প্রতিবেদকরা জানিয়েছেন, সকাল থেকে বিভিন্ন সড়কে গণপরিবহন চলতে দেখা গেছে।
