আলো ডেস্কঃ গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বিরোধী দলীয় নেতা-কর্মীদের বলেছেন, আজকে আমাদের যে যাত্রা শুরু হয়েছে, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাদের যাত্রা অব্যাহত থাকবে। যে সব রাজনৈতিক দলের কর্মীরা ঢাকায় এসেছেন তারা কর্মসূচি সফল না হওয়া পর্যন্ত কেউ ঢাকা ছাড়বেন না। বিএনপিসহ যুগপৎ আন্দোলনকারী দলসমূহ আমরা দুপুরের পর একসঙ্গে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কেউ ঢাকা ছাড়বেন না।
তিনি বলেন, আজকে এত পুলিশ এত কিছু, ধারাবাহিকভাবে হামলা-মামলা চলছে। কিন্তু জনগণের স্রোত ঠেকাতে পেরেছে? এই জনস্রোত ঠেকাতে পারবে না। শেখ হাসিনা যদি মানসম্মান নিয়ে পদত্যাগ না করে তাহলে গণভবন থেকে শেখ হাসিনাকে আমরা বের করে দেব। রাষ্ট্রপতি যদি সংকট সমাধানের উদ্যোগ না নেয় তাহলে জনগণ বঙ্গভবন ঘেরাও করবে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণ অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা জানান।
নুরুল হক বলেন, পুলিশসহ প্রশাসনের ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, কয়টা গুলি চালাবেন? কতজনকে গ্রেপ্তার করবেন? জনগণের ওপর যদি গুলি চলে তাহলে পুলিশ হেডকোয়ার্টারসহ সব থানা ঘেরাও হবে। বিচারপতিদের বলতে চাই, যেই বিচারপতিরা মিথ্যা মামলায় বিরোধী দলের নেতা-কর্মীদের সাজা দিচ্ছেন তাঁদের পরিবারসহ ঘেরাও করা হবে।
তিনি আরও বলেন, আজকে গণতন্ত্র বনাম ফ্যাসিবাদের লড়াই চলছে। এই লড়াইয়ে গণতন্ত্রকামীরাই বিজয় লাভ করবে। বিজয়ের আগ পর্যন্ত আপনারা রাজপথে থাকবেন।
