আলো ডেস্কঃ নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ‘আমরা অচিরেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করব। কে এলো, কে গেলো, তা আমাদের দেখার বিষয় না।
এর আগে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছি। কিন্তু সেখানে বিএনপি অংশ নেয়নি। এখন আর কোনো সংলাপের সুযোগ নেই। তফসিল ঘোষণার পর বসব কি না, পরে সিদ্ধান্ত হবে। জাতীয় নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে। ’
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
তিনি বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই। সে ক্ষেত্রে সবার সহযোগিতা লাগবে। ভোটের পরিবেশ সৃষ্টি করা আমাদের দায়িত্ব। কিন্তু প্রার্থীদের ভোটার উপস্থিত করাতে হবে। ভোট হবে, ভোটাররা আসবে, সেখানে অন্য কোনো কিছু করার সুযোগ নেই। কেউ যদি প্রভাব খাটাতে চায়, তাহলে তা আমরা কঠোর হস্তে দমন করব। ’
সভায় জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ও এনএসআই উপ-পরিচালক বশির উদ্দিন।
এতে লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনের প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
