ইসরাইলি আর্মি মুখপাত্র রিচার্ড হেচট আজ সাংবাদিকদের বলেন, গাজা উপত্যকার আশপাশে ইসরায়েলে প্রায় দেড় হাজার হামাস সদস্যের লাশ পাওয়া গেছে। গাজার সঙ্গে থাকা সীমান্তে কম-বেশি নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।
রিচার্ড হেচট আরও বলেন, তারা জানেন, সোমবার রাত থেকে কেউ (হামাস সদস্য) গাজা থেকে ইসরায়েলে অনুপ্রবেশ করেনি। তবে অনুপ্রবেশের ঘটনা এখনো ঘটতে পারে।
এসময় গাজা সীমান্তের কাছাকাছি সমস্ত ইসরায়েলি সম্প্রদায়কে সরিয়ে নেয়ার কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে বলেও দাবি করেন রিচার্ড হেচট।
শনিবার থেকে ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে সামরিক অভিযান শুরু করে হামাস। তাদের এ হামলায় ইসরায়েলিদের নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে বহু সেনাসদস্য, নারী ও শিশু রয়েছে। এছাড়া আহতের সংখ্যাও প্রায় ২৫০০ এর কাছাকাছি। অন্যদিকে গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ৭ শতাধিক ফিলিস্তিনি।
এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে মুখ খুলেছে উত্তর কোরিয়া। তারা এই সংঘর্ষের জন্য ইসরায়েলকে দায়ী করেছে দেশটি। খবর রয়টার্স
উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির মুখপাত্র হিসেবে পরিচিত রোদং সিনমুন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে মঙ্গলবার ইসলায়েল ও ফিলিস্তিনি সংঘাত নিয়ে একটি নিবন্ধ লিখেছেন।
এতে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের মতে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত অপরাধমূলক কর্মকাণ্ডের ফল এই সংঘাত। একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলাই এই সংকট সমাধানের মূল উপায় বলে তিনি উল্লেখ করেন।
এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে চলমান সংঘর্ষে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে কাতার, সৌদি আরব, ইরান, রাশিয়া ও চীন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দিয়ে বলেছেন, চলমান উত্তেজনা প্রশমনে সম্ভাব্য সব ধরনের চেষ্টা করছে সৌদি আরব। খবর আরব নিউজ
এছাড়া ইসরায়েলে-ফিলিস্তিন সংঘাত বন্ধে দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছে চীন। অন্যদিকে এ সংকট সমাধানে স্বাধীন ফিলিস্তান প্রতিষ্ঠাই একমাত্র সমাধান বলে জানিয়েছে রাশিয়া।
