বিনোদন ডেস্কঃ শেহনাজ গিল নামটা অপরিচিত নয় কারোর কাছেই। বিগবসের মঞ্চ থেকেই সাধারণের মাঝে এক বিপুল পরিচিতি অর্জন করেছিলেন অভিনেত্রী। সেইসময় তার সাথে সিদ্ধার্থ শুক্লার সম্পর্কে নিয়ে কম চর্চা হয়নি মিডিয়ার পাতায়। তবে অভিনেতার মৃত্যুর পর তাদের নিয়ে চর্চা বেড়ে গিয়েছিল দ্বিগুণ। পাশাপাশি সেইসময় সিদ্ধার্থের চলে যাওয়াও মেনে নিতে পারেননি শেহনাজ। মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন তিনি। তবে বর্তমানে নিজেকে অনেকটাই সামলে নিয়েছেন তিনি। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন এ অভিনেত্রী।
সোমবার (৯ অক্টোবর) মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, শেহনাজ অভিনীত ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমা কয়েক দিন আগে মুক্তি পেয়েছে। এ সিনেমার প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রচার অনুষ্ঠানে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মূলত, ফুড পয়জনিং থেকে শেহনাজের পেটে সমস্যা দেখা দেয়। তবে এখন অনেকটা ভালো আছেন এই অভিনেত্রী।
শেহনাজ হাসপাতালের বিছানায় শুয়ে ইনস্টাগ্রাম লাইভে নিজের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেছেন। অভিনেত্রী বলেন, প্রত্যেক মানুষের জীবনে সময় আসে-যায়। এটি আমার ক্ষেত্রেও ঘটেছে। এটি আবার আসবে। আমি ভালো ছিলাম না। কিন্তু এখন ভালো আছি। আমি একটি স্যান্ডউইচ খেয়েছিলাম, যা ভালো ছিল না। আর তা থেকে আমার ফুড পয়জনিং হয়।
কমেডির মোড়কে সাজানো হয়েছে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমার গল্প। এতে রুশি চরিত্রে অভিনয় করেছেন শেহনাজ। সিনেমাটিতে বিশেষ চরিত্রে দেখা যায় অনিল কাপুরকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ডলি সিং, কুশা কপিলা, শিবানী বেদি, নাতাশা রাস্তোগি, করণ কুন্দ্রা প্রমুখ। ৬ অক্টোবর মুক্তি পায় সিনেমাটি।
