আলো ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম একথা জানিয়েছেন।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুলের নেতৃত্বে পুরো কমিশন উপস্থিত আছেন। এছাড়াও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে।
গত শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের সাত সদস্যের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। গত রোববার (৮ অক্টোবর) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গে, সন্ধ্যায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। গতকাল সোমবার প্রতিনিধি দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে। সাত দিন বাংলাদেশে অবস্থানকালে পর্যায়ক্রমে সরকারি সংস্থা, বিদেশি কূটনীতিক, সুশীল সমাজ, গণমাধ্যমসহ বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন তারা।
