আলো ডেস্কঃ আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দুর্গাপূজায় হামলা করে কাউকে বিশৃঙ্খলা করার সুযোগ নিতে দেয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) কৃষ্ণ পদ রায়।
রোববার নগরীর দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস ড্রিল শেডে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে নিরাপত্তা সমন্বয় সভায় তিনি এই কথা জানিয়েছেন।
সিএমপি কমিশনার বলেন, পূজায় হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে হামলা হলে কীভাবে মোকাবিলা হবে তার নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা আগের অভিজ্ঞতা থেকে এটি প্রতিহত করব। নির্বাচনের আগে কাউকে বিশৃঙ্খলা করার সুযোগ নিতে দেয়া হবে না।
তিনি বলেন, পূজায় চার স্তরবিশিষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হবে। মহানগর এলাকায় দেড় হাজার ফোর্স মোতায়েন থাকবে। সার্বিকভাবে সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে আমরা বদ্ধপরিকর।
এছাড়াও পূজা মন্ডপে দর্শণার্থী প্রবেশের সুবিধার্থে মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা প্রবেশ ও বহির্গমন পথের ব্যবস্থাকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নিরাপত্তার স্বার্থে বড় বড় প্রতিটি পূজা মন্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপন, মেটাল ডিটেক্টর, ফায়ার এক্সটিংগুইশার ও জেনারেটরের ব্যবস্থা রাখার জন্য নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়।
তদুপরি আজান ও নামাজের সময় মন্ডপের সাউন্ড সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়। শারদীয় দুর্গাপূজা উদযাপনকালীন সমগ্র মহানগরীতে মন্ডপ কেন্দ্রীক মাদক, ছিনতাই এবং ইভটিজিং প্রতিরোধে পুলিশি অভিযান কার্যক্রম জোরদার, টহল বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং উর্ধ্বতন অফিসার কর্তৃক নিয়মিতভাবে প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শনের মাধ্যমে নিরাপত্তা প্রদানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কমিশনার সকলকে আশ্বস্ত করেন। তাছাড়াও পূজা মন্ডবের আশেপাশে অবৈধভাবে গাড়ি পার্কিং, মেলা, রাস্তার উপর দোকান-পাট না বসানোর জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং জরুরি সেবা পেতে ৯৯৯ যোগাযোগ করার জন্য আহবান জানান।
‘২৭৮ টি পুজা মন্ডপে পুজো হবে সিএমপিতে। গতবারের চাইতে এবার ১০টি বেশি। এরমধ্যে ১২৬টিকে অতি গুরুত্বপূর্ণ মণ্ডপ হিসেবে বিবেচনা করেছি। প্রতিটি মন্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা ও অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার জন্য বলে দেয়া হয়েছে।’
