বিনোদন ডেস্কঃ সম্প্রতি নায়ক শরীফুর রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিয়েবিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমনি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিচ্ছেন এই নায়িকা। মা হওয়ার পর দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। অবশেষে শুটিংয়ে ফিরলেন তিনি। দীর্ঘ বিরতি পেরিয়ে চিত্রনায়ক সাইমন সাদিকের সাথে জুটি বেঁধেছেন পরী।
রবিবার (৮ অক্টোবর) ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে তিনি ক্যামেরা সামনে দাঁড়ালেন। দীর্ঘ বিরতি পর ফিরে পরীমনি বলেন, অনেকদিন কাজের বাইরে ছিলাম। নিজের প্রিয় জায়গায় ফেরার জন্য অনেক দিন মুখিয়ে ছিলাম। ভীষণ ভালো লাগছে আবারও লাইট ক্যামেরার দুনিয়ায় আসতে পেরে।
সিনেমা প্রসঙ্গে পরী জানান, দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রযোজিত ‘ডোডোর গল্প’ হতে যাচ্ছে অন্যরকম একটি গল্পের সিনেমা। ভিন্ন ঘরানার একটি চরিত্রে এ সিনেমায় দেখা যাবে। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।
পরীমনি ছাড়াও প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন আহসান হাবিব নাসিমসহ বেশ কয়েকজন তারকা। সিনেমার কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।
চলচ্চিত্রটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমনি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।
