আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপ্যতকায় দখলদার ইসরায়েলিদের অবৈধ বসতি লক্ষ্য করে আকস্মিক হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। যুদ্ধ পরিস্থিতি ঘোষণার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও, চলছে যুদ্ধ। এ যুদ্ধে হামাসের চারশর বেশি যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ (আইডিএফ)।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারির মতে তাদের দক্ষিণাঞ্চল ও গাজা উপত্যকায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে সেনারা। এছাড়া আরও কয়েক ডজনকে বন্দী করা হয়েছে।
তিনি বলেন, এই মুহুর্তে, [কিবুতজ] কাফার আজায় ইসরায়েলের সেনারা লড়াই করছে। অসংখ্য শহরে তল্লাশি চলছে।
ড্যানিয়েল হাগারি জানান, ইসরায়েলের সব শহরেই তাদের সেনাবাহিনী মোতায়েন আছে। এ বিষয়ে তিনি বলেছেন, আমাদের এমন কোনো শহর নেই যেখানে ইসরায়েলি সেনাবাহিনী নেই।
রয়টার্স বার্তা সংস্থার পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছে যে শনিবার হামাস হামলা শুরু করার পর থেকে কয়েক শ’ ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হয়েছেন।
অপরদিকে প্রতিশোধের হুমকি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সবশেষ ভিডিও বার্তায় বলেছেন যে তাদের ‘শত্রুকে এ সামরিক অভিযানের জন্য চূড়ান্ত মূল্য দিতে হবে, যা তাদের আগে কখনও দিতে হয়নি।
তবে হামাসের শীর্ষ কমান্ডার মোহাম্মেদ দেইফ বলেন, আমরা শত্রুদের এর আগেই সতর্ক করেছি। তারা শত শত বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। তাদের অপরাধের জন্য শত শত মানুষ শহীদ হয়েছে।
হামাস এক বিবৃতিতে বলেছে, কোনো জবাবদিহি ছাড়া ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের লাগামহীন অপরাধযজ্ঞের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছি, তাদের সময় শেষ।
শনিবার সারা রাত ধরে ইসরায়েলের অভ্যন্তরে ২২টি স্থানে হামাসের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হয়েছে। এর মধ্যে অন্তত দু’টি জায়গায় ইসরায়েলি নাগরিকদের জিম্মি করে রাখা হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি, আল জাজিরা, টাইমস অফ ইসরায়েল
